১৮ মার্চ ২০২৬

চকরিয়ায় গর্তে বালু চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় ইউপি সদস্যার বিরুদ্ধে মামলা !

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে গর্তে বালু চাপা পড়ে আলী হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) মাগরিবের আগে ডুলাহাজারা ইউনিয়নের পাহাড় ঘেষা বগাচতর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 
মামলায় স্থানীয় নারী ইউপি সদস্য নূর নেওয়াজ বেগম ও তার ছেলে জমির উদ্দিনের নাম উল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

নিহত আলী হোসেন কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বশির আহমদের ছেলে। তিনি ডুলাহাজারায় শ্বশর বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতো।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বালু চাপা পড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। 

চকরিয়া থানার এসআই আবু সায়েম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন জানায়, বগাচতর এলাকায় ২ দশমিক ৪৮ একর চরাখাল লীজ নেয় কয়েকজন প্রভাবশালী। তারা শ্রমিক ভাড়া করে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন পাহাড় ও সমতল ভূমি হতে অবৈধভাবে বিস্তির্ণ এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। ওই পয়েন্টে নিয়মিত বালু উত্তোলনের ফলে বেশ কয়েকটি বড় আকারে গর্তের সৃষ্টি হয়। একটি গর্তে নেমে বালু উত্তোলন করার সময় বালুর স্তুপ ভেঙ্গে চাপা পড়েন আলী হোসেন। পরে স্থানীয় লোকজন বালু চাপা পড়া শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে। 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণি বলেন, বালু চাপায় একজনের মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি রাতেই হেফাজতে নেয়। মঙ্গলবার নিহতের স্ত্রী মামলা করলে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন