২৬ মার্চ ২০২৬

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের চকরিয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লতিফ উল্লাহ (৩৬) নামের এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাও লুট করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) রাত ১০ দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ি লতিফ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়া মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। বর্তমানে ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এসময় সন্ত্রাসীরা দোকানের নগদ টাকাও লুট করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে একটি হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।

চকরিয়া থানার ওসি ওসমান গণি জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটা দা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন