বাংলাধারা প্রতিবেদন »
নির্বাচিত হলে চট্টগ্রাম শহরকে বিশ্বমানের আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স না বাড়িয়েও কীভাবে একটা কর্পোরেশনের উন্নয়ন করা যায় তা আমাদের প্রিয় নেতা সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী শিখিয়ে গেছেন। আমিও তার শেখানো পথ ধরেই হাটবো।
রোববার (৩ জানুয়ারি) ২৫নং রামপুর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দিলদার খান দেলু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম.রেজাউল করিম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগের মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন, হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়েজ আহমদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তরুণ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা।

এতে আসন্ন চসিক নির্বাচনে ২৫ নম্বর রামপুর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটন বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকার। আওয়ামী লীগকে ভোট দিয়ে জনগণ কখনোই ধোঁকা খায়নি। আওয়ামী কেবল স্বপ্ন দেখায় না, কল্পনারও অতীত বিষয়কে বাস্তবে পরিনত করে মানুষের সামনে নিয়ে আসে। আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে কথা দিতে পারি আগামী পাঁচ বছরে আমরা সকলে মিলে একটি স্বপ্নীল চট্টগ্রাম উপহার দেব।
মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচিত হলে চট্টগ্রাম শহরকে বিশ্বমানের আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ। সে জন্য চায় সঠিক পরিকল্পনা আর আন্তরিকতা, আপনাদের দোয়ায় আমার সেটা আছে। চট্টগ্রাম শহরকে যদি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা যায় তাহলে পর্যটন খাত হতে প্রচুর আয় আসবে, বাড়বে নগরবাসীর কর্মসংস্থানের সুযোগ আর ব্যবসা।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তার একান্ত প্রচেষ্টায় চট্টগ্রামে উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এক সময় যে আমেরিকা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করতো আজ তারাই বলছে বাংলাদেশ হচ্ছে উন্নয়নের রোল মডেল। বিশ্বব্যাপী করোনাকালীন মহামারী চলাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ যখন অর্থনীতিতে বিপর্যস্ত তখনও বাংলাদেশের অর্থব্যবস্থা অনেক সমৃদ্ধ।
রেজাউল করিম চৌধুরী বলেন, দেশে আজ ভিক্ষুকের সংখ্যা দ্রুত কমছে। তাই ভবিষ্যতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য চট্টগ্রাম শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বিজয় করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। ভোটের আগ থেকে ফলাফল না আসা পর্যন্ত নেতাকর্মীদের আয়েশি মনোভাব পরিহার করতে হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবা হবে বড়ই বোকামি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, মাঈনুদ্দিন শাহ খোকন, নাসরিন সুলতানা নাহিদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মাহাবুব আলম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইকবাল, নিয়াজ মো. আজাদ, আওরঙ্গজেব শিবলু, মো. আসলাম, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নগর যুবলীগের সদস্য সাইফুর রহমান পলাশ, নগর যুবলীগের সদস্য আলাউদ্দিন আলো, ওয়ার্ড যুবলীগ নেতা আবদুল লতিফ, মো. বেলাল, হুমায়ন কবির হিমু, মোশারফ হোসেন শিপন, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিদুল আলম, ছাত্রলীগ নেতা সাজ্জাদ খান রুবেল, আরমান খান, আহমদ, জাবেদ রহিম মুন, ফরহাদ হোসেন সোহেল প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর












