বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার (২১ নভেম্বর) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ শনিবার রাতে তাপমাত্রা হ্রাস পেতে পারে। এ ছাড়া আগামী পাঁচদিন আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে জানানো হয়।
দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৯০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
বাংলাধারা/এফএস/এআর












