বাংলাধারা প্রতিবেদন »
অতিরিক্ত বিল নেওয়া এবং রোগী ভর্তি না করার কারণে অভিযোগে চট্টগ্রামের দুই বেসরকারি হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
চট্টগ্রামের হাসপাতাল দুটি হলো- নগরীর ও আর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টার হাসপাতাল।
সোমবার (২৯ জুন) ফেনীর দাগনভুঁইয়ার জাঙ্গালীয়া গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে জেবুল হোসেন রয়েল এ রিট আবেদন দাখিল করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।
ওই দুই হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চিকিৎসা না করে ফেরত দেওয়া এবং অতিরিক্ত বিল আদায়ের ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়েছে।
রিট আবেদনকারীর অভিযোগ, তাঁর মা মনছুরা বেগম (৬৭) দীর্ঘদিন ধরে অসুস্থ। গত তিন বছর ধরে তাঁর কিডনি ডায়ালিসিস চলছে। এ অবস্থায় গত ১ জুন তাঁর জ্বর ও উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাই তাঁকে নিকটস্থ চট্টগ্রামের নিজাম রোডের দুটি হাসপাতালে নেওয়া হলে রোগী ভর্তি না করে ফেরত দেওয়া হয়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গত ১৫ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী যেকোনো রোগী ভর্তি করতে তাঁরা বাধ্য। তাই রোগী ভর্তি না নিয়ে সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছেন তাঁরা।
বাংলাধারা/এফএস/টিএম












