বাংলাধারা প্রতিবেদক»
নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’র ২০ তলা থেকে লাফ দিল এক যুবক। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ২০ তলা থেকে পড়ে মারা গেছেন আরিফ কবির (২৪) নামের এক যুবক।
সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ, আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
তথ্য সূত্রে জানা যায়, ২০ তলা থেকে আরিফ ৬ তলায় পড়েছিলেন। সেখান থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানিয়েছেন, হোটেলটির ২০ তলার রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস থেকে আরিফ লাফ দিয়ে আত্মহত্যা করেছে এমনটি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আরিফ যে টেবিলে বসে খাবার খেয়েছিল সেখানে কিছু খাবার রয়ে গেছে। তিনি ধীরে ধীরে নাশতা করছিলেন, সময় নিয়ে খাচ্ছিলেন। আকস্মিকভাবে লাফ দেন। উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে দেখা হচ্ছে পুরো ঘটনা। আরিফ রেস্টুরেন্টে কাদের সঙ্গে গেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এইউ












