চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
গত ৫ জুন জারি হওয়া ওই আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক পত্রের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনীত সংসদ সদস্যরা হলেন- চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার আলম নিজাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পত্রের আলোকে উল্লিখিত পাঁচজন সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের মোবাইল নম্বর ও সরকারি ই-মেইল ঠিকানাও চিঠিতে সংযুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হিসেবে সিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিভিন্ন বিষয়ে সিনেট সদস্যরা মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন। নতুন করে পাঁচ সংসদ সদস্যের অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা আরও বাড়বে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব (মানবসম্পদ) স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।














