চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযানে প্রায় ৩০টি ড্রামে সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা ওসি।












