বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার কবির টাওয়ারের সামনে বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক মারা গেছেন। তার নাম মমতাজ বেগম (৫৩)। আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), কুলসুমা বেগম (২২) ও তানিয়া আক্তারকে (২৪) চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চান্দগাঁও থানার এসআই আবদুল মতিন জানান, আজিম গ্রুপের ভাড়ায় চালিত বাসের চাপায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত চারজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত তানিয়া আক্তার (২৪) জানান, আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ বাসটি এসে আমাদের চাপা দেয়। হেঁটে ১০ মিনিটে আমরা কারখানায় পৌঁছে যেতাম। দুর্ঘটনার জন্য দায়ী বাস ও হতাহত শ্রমিকরা সবাই আজিম গ্রুপের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আজিম গ্রুপ অব ইন্ডাস্ট্রির গাড়ির ধাক্কায় মমতাজ বেগম(৫৩) ঘটনাস্থলেই মারা যান। তিনি চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর সড়কের রেললাইনের উত্তর পাশের বাদশা মিয়ার ভাড়াটিয়া শাহ আলমের স্ত্রী।
বাংলাধারা/এফএস/এআর












