বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬১ জন। মোট ১ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তদের চিহ্নিত করা হয়েছে। শনাক্তদের মধ্যে ১৩৯ জন নগরের ও ২২ জন উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৩ হাজার ২২২ জনের মধ্যে ১৭ হাজার ২৯৫ জন নগরের ও ৫ হাজার ৯২৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১১ জন; এর মধ্যে ২১৭ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের ও সিভাসুতে ৫২ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষা ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের, শেভরণে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা ধরা পড়েছে।
বাংলাধারা/এফএস/এআর












