বাংলাধারা প্রতিবেদন >>
বন্দর নগরী চট্টগ্রামে গত একদিনে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে। এরমধ্যে নগরীর ৬ জন ও বিভিন্ন উপজেলার ৩ জন রয়েছেন। গত একদিনে কোন করোনা রোগী মৃত্যু্বরণ করে নি। গত তিন মাসের মধ্যে এটি সর্বনিম্ন নমুনা পরীক্ষা। আক্রান্তের সংখ্যা এবং হারও সর্বনিম্ন।
সোমবার (৩ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামের মাত্র দুটি ল্যাবে ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ শনাক্ত হয়েছে ২ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ জনের।
উপজেলা পর্যায়ে আক্রান্ত ৩ জনের মধ্যে লোহাগাড়া, আনোয়ারা ও পটিয়ার একজন করে রয়েছেন।
নতুন ৯ জনসহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৪৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৩৩ জন। আরো ৭৮ জনসহ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৩ জন।
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ৭৮ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ২২৮ জন। মোট সুস্থ ৯ হাজার ৭১১ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৬৭ শতাংশ।
বাংলাধারা/এফএস/টিএম












