বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে নতুন করে এসে পৌঁছেছে আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা। কোল্ড চেইন বজায় রেখে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে ২৫ কার্টনে আনা এসব টিকা। টিকাগুলো পরবর্তীতে বিভিন্ন কেন্দ্রে বিতরণ করা হবে।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে এসব ভ্যাকসিন আসে। এরপর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবিরকে সঙ্গে নিয়ে এগুলো গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান।
পরে একে একে প্রতিটি কার্টন ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়।
এ সময় ভ্যাকসিন গ্রহণ কমিটি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীর, জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. হামিদ আলী ও কোল্ড চেইন টেকনিশিয়ান (ভারপ্রাপ্ত) প্রবীর মিত্র। ভ্যাকসিন তদারকিতে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন দেবনাথ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও জেলা ইপিআই টেকনোলজিস্ট কাজল কান্তি পাল।
বাংলাধারা/এফএস/এআর












