২০ মার্চ ২০২৬

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৪ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ৬৬ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৮৮৩ জনের মধ্যে ১৪ হাজার ৪১৮ জন নগরের ও ৫ হাজার ৪৬৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৩ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে তার করোনা মিলেনি। ইমপেরিয়াল হাসপাতালে ৬৮ জনের নমুনার মধ্যে ১৫ জনের ও শেভরণে ৬২ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মা ও শিশু হাসপাতালে ২৪ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন