বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ১২ হাজার ৯২৫ কেজি চোরাই শিপকাটা বাল্কহেড স্ক্র্যাপসহ মো. মোবারক হোসেন (৩৭) নামে এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। আটক মো. মোবারক কুমিল্লা জেলার লকসাম থানার মৃত জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে সে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় বসবাস করে।
বুধবার (৫ জানুয়ারি) রাত ১১টায় কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, কিছু চোরাকারবারী দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে চোরাই শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ ক্রয় করে বিক্রির জন্য সংরক্ষণ করে এবং পরে কম মূল্যে পাইকারী ও খুচরা মূলে বিক্রয় করে। এমন তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের গ্রেপ্তারের লক্ষ্যে গতকাল বুধবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এলাকায় অভিযানে যায় র্যাব। এসময় ১২ হাজার ৯২৫ কেজি চোরাইকৃত শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপসহ মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোবাররকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস












