৫ মার্চ ২০২৬

চট্টগ্রামে জাল নোটসহ দুই প্রতারক আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে জাল নোট ব্যবহার ও প্রতারণায় জড়িত একটি চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অভিযানে নগরের বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন জানিয়েছেন।

এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৩৪ হাজার টাকার জাল নোট, আটটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের পেকুয়ার রাজাখালীর বকশিয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে মহিউদ্দিন আল আজাদ ওরফে মহিন খান (২৬) ও বাগেরহাট সদরের গুটাপাড়ার দেবপাড়া মোল্লাবাড়ির মৃত মাহবুব মোল্লার ছেলে মারুফ মোল্লা (২৮)

পুলিশ জানিয়েছে, সম্প্রতি আমেরিকা থেকে আসা এক ব্যক্তি তার ‘স্যামসাং গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা’ মডেলের মোবাইল সেট বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। তখন ক্রেতা সেজে ফাহিম খান নামের একটি আইডি থেকে তার সাথে যোগাযোগ করা হয়। পরে চন্দনপুরা এলাকায় গিয়ে ৭৮ হাজার টাকায় মোবাইলটি কিনে নেয় কথিত ফাহিম খান। কিন্তু কিছুক্ষণ পরেই বিক্রেতা বুঝতে পারেন ৭৮ হাজার টাকার সব জাল নোট এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন।

একইভাবে গত ১৮ জুলাই নগরের হালিশহর এলাকার এক শিক্ষার্থীর ‘ওয়ান প্লাস এইট প্রো’ মোবাইল নগদ ৮০ হাজার টাকার জাল নোট দিয়ে হাতিয়ে নেয় প্রতারকরা। ঘটনাগুলো সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের নজরে আসলে তদন্ত শুরু হয়।

সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বাসা থেকে চন্দনপুরা ও হালিশহরের ঘটনা দুটির মোবাইলগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি আরও দুটি মোবাইল ও একটি ল্যাপটপ এবং ৩৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

মহিউদ্দিনের কাছ থেকে তথ্য নিয়ে মারুফকে ধরতে সক্ষম হই আমরা। তার কাছ থেকে ৩ লাখ টাকার জাল নোট ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাগেরহাট থেকে জাল নোট সংগ্রহ করে প্রতারণামূলক কাজগুলো তারা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’

জাল নোট ছাপানো চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন