বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নির্বাচনী মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলের শীর্ষ নেতাকে একনজর দেখতে ও তার বক্তব্য শুনতে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পলোগ্রাউন্ড মাঠসহ আশপাশের সড়কগুলো।
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন। নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনি উদ্দীপনা।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকালে তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দিয়ে ভাষণ দেবেন। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির নেতারা বলছেন, এই বিশাল জনসমাগম জনসমর্থনেরই প্রতিফলন। পলোগ্রাউন্ডের মহাসমাবেশের মাধ্যমে নির্বাচনি মাঠে একটি শক্ত ও স্পষ্ট বার্তা যাবে বলে তাঁদের আশা। কর্মীদের প্রত্যাশা, এই সমাবেশ চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশে নতুন গতি সঞ্চার করবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন। জনসমাবেশ ঘিরে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড মাঠে।’













