২০ মার্চ ২০২৬

চট্টগ্রামে নতুন আক্রান্ত ৪৪ জন, মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৪ জন; এর মধ্যে ৩১ জন নগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ৭৩৯ জনের মধ্যে ১৩ হাজার ৪৩১ জন নগরের ও ৫ হাজার ৩০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯২ জন; এর মধ্যে ১৯৯ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০০ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন ও কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন এবং মা ও শিশু হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা মিলেছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অবস্থিত আরটিআরএল-এ জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন