বাংলাধারা প্রতিবেদন »
চলতি বছরের বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়েছিলেন ২১৫ জন পুলিশ কর্মকর্তা। পদোন্নতি পেলেও তারা আগের পদেই (অতিরিক্ত পুলিশ সুপার) চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। পদোন্নতির কারণে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পেল ৬ উপ-পুলিশ কমিশনার (ডিসি)। তাছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ও মেট্রোর প্রধান দুটি পদেই এসেছে পরিবর্তন। বান্দরবান ও লালমনিরহাট থেকেও উপ-পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রামে আসছেন আরও দুজন।
জানা যায়, চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) থাকা বেশ কয়েকজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একসঙ্গে পদোন্নতি পেয়েছেন উপ-পুলিশ কমিশনার হিসেবে। এদের প্রায় সকলেই সিএমপিতেই থাকছেন।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বেগম নাইমা সুলতানার কর্মস্থল বদলি হলেও থাকছেন চট্টগ্রামেই। তিনি পেয়েছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপারের দায়িত্ব।
নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (বিপি-৭৪০৫১১৬১৬৬) পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন।
সিএমপির বর্তমান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান (বিপি-৭৬০৫১২১৫৪৬) পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার।
ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ (বিপি-৭৩০৫০২৮৬৮২) পদোন্নতি পেয়ে বদলি হয়ে আসছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপি-৭৮০৬১১৯৭২৯) পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম (বিপি-৭১০৫১০১৯৪২) বদলি হয়ে চলে যাচ্ছেন সিলেটে। সিলেট রেলওয়ে জেলার সুপার হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












