২০ মার্চ ২০২৬

চট্টগ্রামে পুলিশের অভিযানে দুইনারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন  »

পৃথক অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন জায়গা থেকে দুইনারীসহ ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) পলাশ কান্তি নাথ এতথ্য জানিয়েছেন।  

সংবাদ সম্মেলনে তিনি জানান, নগরীতে ছুরিকাঘাত করে মানুষের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল কিছুদিন ধরে। এছাড়া এসব ছিনতাইকারীদের হাতে মূল্যবান জিনিসপত্র তুলে না দিলে পেটে-বুকে ছুরিকাঘাতে আহত হয়ে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ৬ টি ছোরা ও ২৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।  এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গত ১৬ নভেম্বর সন্ধ্যায় সাড়ে ৭টায় নগরের কে বি আব্দুস সাত্তার সড়কে হুমায়ুন মোর্শেদের বাড়ির সামনে অরবিন্দু দত্ত (৩৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে তারা। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর গতকাল সন্ধ্যায় ষ্টেশনরোড এলাকা থেকে ছিনতাই হওয়া মোবাইলসহ আলাউদ্দিনকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোন দুইজন পুরুষ ও এক নারীর কাছ থেকে কিনেছেন। আলাউদ্দিন আরও জানায়, আসামিরা প্রায় সময় নগরের ষ্টেশনরোড এলাকায় রাত ৮ থেকে ৯ টার মধ্যে চোরাই মোবাইল বিক্রির জন্য আসে।

ওসি মহসীন বলেন, এ তথ্য জানার পর ওই সময় অভিযান চালিয়ে রাকিবুল হাসান প্রকাশ রাকিব ও রূপালী প্রকাশ রূপা প্রকাশ নিপাকে গ্রেপ্তার করে পুলিশ। রাকিবের কাছ থেকে ১টি টিপছোরা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ১৩ জন হলেন- শফিক (১৬), মো. দেলোয়ার (১৭), মো.উজ্জ্বল (১৩),মো.ইসহাক (১৯), অপু প্রকাশ হৃদয় (১৪), মো. রুবেল (২৮), মোছাম্মৎ ফারজানা বেগম (২৬), মো. রাজু প্রকাশ সুমন (২৩), মো. আলআমিন (২৮), আব্দুল নাইম (২০), রাকিবুল হাসান প্রকাশ রাকিব (২৫), রুপালী প্রকাশ রুপা প্রকাশ নিপা (২০) ও মো. আালাউদ্দীন (৫০)।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন