বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে ভারত ফেরত করোনা রোগীর নমুনায় আফ্রিকান ভ্যারিয়েন্ট বা ধরন শনাক্ত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে এটি ধরা পড়ে।
সম্প্রতি ওই আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে SARS-CoV-2 বা নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য (Whole Genome Sequence) উন্মোচন করা হয়। এতে আফ্রিকান ধরনের উপস্থিতি দেখা গেছে।
মঙ্গলবার (২৫ মে) সিভাসুর উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ভারতফেরত ৬ জন বাংলাদেশি নাগরিকের করোনাভাইরাস টেস্টের নমুনা সিভাসুর কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ জনের কোভিড নেগেটিভ এবং একজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সার্বিক নির্দেশনায় এবং পোল্ট্রি রিসার্চ এবং ট্রেনিং সেন্টার (পিআরটিসি), সিভাসুর আর্থিক সহায়তায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন সিভাসুর প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. শারমীন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রনেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম ও ডা. তানভীর আহমদ নিজামী।
বাংলাধারা/এফএস/এআই












