বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গড়ছে নতুন নতুন রেকর্ড। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে মারা গেছেন আরও ১৭ জন। ৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্তদের মধ্যে মহানগরে রয়েছে ৮৫৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৪৫৭ জন। এদিন শনাক্তের হার ছিলো ৩৭ দশমিক ৪১ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায়, এদিন চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জন, এন্টিজেন টেস্টে ১০০৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একইদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।
বাংলাধারা/এফএস/এআর












