বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে সহকর্মীর ছুরিকাঘাতে মো. আনোয়ার (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাতে নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আনোয়ার নগরের হালিশহর জে ব্লক এলাকার মো. সেলিমের ছেলে। তিনি মেরিস নামে একটি সিগারেট কোম্পানির ভ্যানচালক।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ (২৩) ও মিঠুন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারাও মেরিস সিগারেট কোম্পানির কর্মী।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, কক্সবাজারে পিকনিকে যাওয়া নিয়ে গতকাল শনিবার রাতে মেরিস কোম্পানীর কয়েকজন সহকর্মী মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় আনোয়ার। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি বলেন, ঘটনার পর আকাশ ও মিঠুন নামে দুইজন উক্ত খুনের ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য পায় পুলিশ। এরপর রাতেই মিঠুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে আকাশকে আজ রোববার সকালে কিশোরগঞ্জ পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আকাশ ও মিঠুনকে আজ আদালতে হাজির করা হবে বলে জানান ওসি হাসান ইমাম।
বাংলাধারা/এফএস/এআর












