বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে জন্ম নিয়েছে নতুন অতিথি। দক্ষিণ আফ্রিকা থেকে আনা দুইটি বাঘ রাজ ও শুভ্রা দম্পতির ঘরে ২৬ আগস্ট জন্ম নিয়েছে শাবকটি। এ নিয়ে এ পরিবারে এখন সদস্য সংখ্যা ১০-এ দাঁড়ালো।
চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ক্যাপটিভ ব্রিডিং-এ যে সমস্যা, অনেক সময় বাঘ তার বাচ্চাকে দুধ দিতে চায় না। সেক্ষেত্রে তাকে আলাদা করে দুধ দিয়ে বাঁচানো খুবই কঠিন কাজ। এর আগে বাঘ শাবক জো বাইডেনের জন্মের সময় আমাদের প্রথম অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে এবং বাঘের যে অধিক মৃত্যুহার তা চট্টগ্রাম চিড়িয়াখানা কমাতে পারছে।
তিনি জানান, দিনে ৬ বার ৭৫ মিলিমিটার করে ছাগলের দুধ দেওয়া হচ্ছে নতুন শাবকটিকে। ৬ মাস এটি কিউরেটরের তত্ত্বাবধানে থাকবে। এরপর খাঁচায় দেওয়া হবে।
বাংলাধারা/এফএস/এফএস












