২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে সীমিত আয়োজনে পালিত হচ্ছে কাস্টমস দিবস

বাংলাধারা প্রতিবেদক »

২৬ জানুয়ারি আন্তাজার্তিক কাস্টসম দিবস। প্রতিটি বছর বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালিত হলেও করোনার কারণে এবারও সীমিত আকারে এই দিবস পালন করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রতি বছর ২৬ জানুয়ারি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ সংস্থাটির সদস্য হিসেবে পালন করছে দিবসটি।

কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উদ্যোগ নিয়েছে নানা কর্মসূচির। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।

দেশের প্রতিটি শুল্ক স্টেশনে পালন করা হচ্ছে কাস্টমস দিবস।দেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউসে পালন করা হচ্ছে এই দিবস। তবে অন্যান্য বারের মতো তেমন বড় আয়োজন নেই এবার। অনেকটা ঘরোয়াভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে দিবসটি।

চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, মাত্র ৭০-১০০ জন উপস্থিতি দিয়ে এবারের আন্তজার্তিক কাস্টমস দিবস পালন করা হচ্ছে। এই বছর লক্ষ্যমাত্রা পৌঁছাতে রাজস্ব আদায় বৃদ্ধিতে কাজ করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এছাড়া আমদানি রপ্তানি খাতে জালিয়াতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় কাস্টমস।

কাস্টমস দিবস উপলক্ষে ২৫ জানুয়ারি গণমাধ্যমের সাথে কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় তিনি চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৯৬ হাজার কোটি টাকা আদায় হবে বলে আশা প্রকাশ করেন।

এনবিআরের হিসাব অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে কাস্টমস রাজস্ব আদায় করেছিল ৩৩ হাজার ৬৪৩ কোটি টাকা; যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭৭ শতাংশ বেশি ছিল।

আয়কর ও ভ্যাটের চেয়ে কাস্টমসের রেভিনিউ কন্ট্রিবিউশনের শেয়ার কম হলেও গ্রোথের দিক থেকে গত দুই বছরে আমাদের কাস্টমস ভালো অবস্থায় আছে বলে জানান এনআরবি চেয়ারম্যান। ২০২০-২১ অর্থবছরে আমদানি-রপ্তানি খাত থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও পুরো বছরে ৭৭ হাজার ১৫০ কোটি টাকা আদায় করতে পেরেছিল কাস্টমস।

চলতি ২০২১-২২ অর্থবছরে সরকার মোট ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে আমদানি-রপ্তানি খাত থেকে আদায়ের চিন্তা ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।

এদিকে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৬৫,৪৩৫ কোটি টাকা। গত ২০২০-২১ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৬৪৩০৩.৬০ কোটি টাকা। বর্তমান অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে ১১৩১ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে ২৩.২৩ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

আরও পড়ুন