বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের হোটেল দি এলিনা, হোটেল এশিয়ান ও হোটেল প্যারামাউন্ট নামক তিনটি হোটেলে থাকবেন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীরা।
চট্টগ্রাম জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় গঠিত কমিটি গৃহীত এমন সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ‘চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য তিনটি হোটেল নির্ধারণ করা হয়েছে। হোটেলগুলো হচ্ছে কোতোয়ালী থানার স্টেশন রোডের হোটেল দি এলিনা, হোটেল এশিয়ান ও হোটেল প্যারামাউন্ট।’
অন্যদিকে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি’তে কর্মরত স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য হাসপাতালের তৃতীয় তলায় তিনটি কক্ষ ঠিক করা হয়েছে। সেখানে প্রতি কক্ষে দুইজন করে মোট ছয়জন নার্সের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের কোয়ারেন্টাইনের জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান বলেন, ‘আমাদের চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর থাকা ও কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। এ বিষয়ে আজকে (শুক্রবার) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মিটিং করবেন। আশা করি, আজকে রাতেই আমাদের স্বাস্থ্যকর্মীদের থাকা ও কোয়ারেন্টাইনের জন্য হোটেলের ব্যবস্থা করে আমাদের জানানো হবে।’
বাংলাধারা/এফএস/টিএম












