বাংলাধারা প্রতিবেদন »
নতুন করে আরও ৮টি আইসিইউ শয্যা স্থাপন করা হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ নিয়ে সরকারি হাসপাতালটিতে আইসিইউ’র সংখ্যা দাঁড়ালো ১৮টি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে নতুন যুক্ত হওয়া ৮ আইসিইউ শয্যার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ সময় নওফেল বলেন, গতবছর করোনা শুরুর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যেখানে একটি আইসিইউও ছিল না সেইখানে দু’দফায় ১৮টি আইসিইউ স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় যা সম্ভব হয়েছে। কোনো কিছু না থাকা থেকে এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ একটি বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেডিসিন বিভাগের প্রধান ডা. আবদুর রব, সহকারী সিভিল সার্জন ডা. আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, আইসিইউ ইনচার্জ ডা. রাজদীপ বিশ্বাস, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর












