পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জুলাই ২০২৬ মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, জুলাই মাসে আনোয়ারা থানায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ওসি জুনায়েত চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন কার্যক্রমে সাফল্য অর্জিত হয়। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অপরাধী গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে থানা পুলিশ।
এ ছাড়া ডাবল মার্ডার মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং দেশীয় তৈরি অস্ত্র ও চোলাই মদ উদ্ধারের ঘটনায়ও আনোয়ারা থানা সাফল্য দেখিয়েছে।
থানায় যোগদানের পর থেকে ওসি জুনায়েত চৌধুরী নিয়মিত টহল জোরদার, বিট পুলিশিং সভা এবং বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে আসছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধপ্রবণতা কমাতে তাঁর নেতৃত্বে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আনোয়ারা থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে।












