পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লয়ার্স অ্যালায়েন্স ফর জাস্টিস। সংগঠনটির আয়োজনে চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে কর্মরত প্রহরী, লিফটম্যান ও সুইপারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বার ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রমজানের তাৎপর্যকে সামনে রেখে আদালত প্রাঙ্গণে নীরবে-নিভৃতে দায়িত্ব পালনরত পরিশ্রমী ও তুলনামূলকভাবে অবহেলিত কর্মীদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতিদিন বিচারপ্রার্থীদের সেবা ও আইনজীবীদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে চেয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করা হয়। ইফতার সামগ্রীর প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য অন্তর্ভুক্ত ছিল, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, বর্তমান সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী চৌধুরী, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মনজুর হোসেন, অ্যাডভোকেট সাইদ রিয়াজ মোহাম্মদ বায়েজিদ, অ্যাডভোকেট আহসানুল্লাহ মানিকসহ লয়ার্স অ্যালায়েন্স ফর জাস্টিসের মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট হাসান মুরাদ এবং সংগঠনের অন্যান্য আইনজীবী সদস্যবৃন্দ।

ইফতার সামগ্রী বিতরণ শেষে সংগঠনের মুখপাত্র আরমান মাহমুদ চৌধুরী বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানোই ন্যায়বিচার ও মানবিকতার প্রকৃত চর্চা। আদালত প্রাঙ্গণে কর্মরত এসব মানুষ আমাদের বিচারব্যবস্থার নীরব সহায়ক শক্তি। তাদের প্রতি সম্মান ও সহযোগিতা প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও লয়ার্স অ্যালায়েন্স ফর জাস্টিস এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।”
উপস্থিত আইনজীবীরাও এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।













