বাংলাধারা প্রতিবেদন »
দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। আসগর আফগান ৮৮ ও আফসার জাজাই ৩৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেনে। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ও নাঈম হাসান দুটি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ একটি উইকেট নিয়েছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানরা। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে তারা শুরুতে সুবিধা করতে পারেনি। দলের ১৯ ও ৪৮ রানে দুই উইকেট হারায় সফরকারীরা। দুই ওপেনার এহসানউল্লাহ জানাত (৯ রান) ও ইব্রাহিম জাদরান (২১ রান) ফিরে যান তাইজুলের ঘূর্ণিতে। এরপর সাজঘরে ফেরেন হাসমতউল্লাহ শাহেদিও। লাঞ্চের পরে আসগর আফগানকে নিয়ে যাত্রা শুরু করেন রহমত শাহ।
দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সামান্য বৃষ্টির সুবিধা দুর্দান্তভাবে কাজে লাগান। দেখে শুনে, বাজে বলে রান তুলে। কোন ঝুঁকি ছাড়াই এগিয়ে যান তারা। দু’জনে যোগ করেন ১২০ রান। রহমত শাহ আফগানিস্তানের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি তুলে নেন। নাঈম হাসানের বলে ফিরে যান ব্যক্তিগত ১০২ রান করে। একই ওভারে সাবেক আফগান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ নবীকে শূন্য রানে বোল্ড করে দেন তরুণ ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান। ১৯৭ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ।
আফগান শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশ দল শেষ সেশনে রাজত্ব করবে বলেই মনে হয়েছিল। কিন্তু আসগর আফগান এবং আফসার জাজাই কোন সুযোগই দেননি বাংলাদেশ দলকে। আসগার আফগান ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিন শেষ করেন। তার সঙ্গে ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন আফসার জাজাই। ষষ্ঠ উইকেটে তারা দু’জন যোগ করেছেন। ৭৪ রান।
দেশের হয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম প্রথম দিনে শুরুর দুই উইকেট নেন। ২৫ টেস্ট খেলে একশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। রফিক, সাকিবের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে শততম উইকেট নেন এই স্পিনার। ভাঙেন সাকিবের ২৮ টেস্টে একশ’ উইকেট নেওয়ার রেকর্ড। এছাড়া তরুণ পেসার নাঈম হাসান নেন দুই উইকেট। মাহমুদুল্লাহ নেন একটি উইকেট। সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজকে ‘বোতল বন্দি’ করে রাখেন আফগান ব্যাটসম্যানরা।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
আফগানিস্তান: ৯৬ ওভারে ২৭১/৫ (ইব্রাহিম ২১, ইসহানুল্লাহ ৯, রহমত ব্যাটিং ১০২, শহিদি ১৪, আসগর ব্যাটিং ৮৮*, নবি ০, আসার ব্যাটিং ৩৫* ; তাইজুল ২/৭৩ , সাকিব ০/৫০, মিরাজ ০/৫৯, নাঈম ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯ , সৌম্য ০/২৬, মুমিনুল ০/৯, মোসাদ্দেক ০/১)
বাংলাধারা/এফএস/এমআর












