১৩ মার্চ ২০২৬

‘চট্টগ্রাম দেশের অর্থনীতি প্রাণ ও শহরকে নিয়ে অবহেলা করার সুযোগ নেই’- তাজুল ইসলাম

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণ বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া, চট্টগ্রাম শহরকে নিয়ে অবহেলার কোনো প্রকার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

এসময় তিনি আরও বলেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মহানগর পর্যন্ত কর্ণফুলী নদীর পাড় লিজ দিয়ে কোনো ধরনের শিল্প কল-কারখানা নির্মাণ করতে দেওয়া হবে না।

এর কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, নদীর পাড়ে এসব অবকাঠামো নির্মাণ করা হলে নদী দখল ও দূষণ বাড়বে। পরিবেশ এবং কর্ণফুলী নদীর স্বকীয়তা ও সৌন্দর্য নষ্ট হবে। যা কোনো অবস্থাতেই করতে দেওয়া হবে না। কারণ এই নদীর সাথে চট্টগ্রাম বন্দর ও দেশের অর্থনীতির স্বার্থ জড়িত। কর্ণফুলী নদীর দখল ও দূষণের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

শনিবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রকল্পটি বাস্তবায়ন করছে তা শিগগিরই শেষ হবে। এই প্রকল্পের কাজ শেষ হলেই নগরবাসী এর সুফল পাবে। প্রকল্পে কোনো ত্রুটি থাকলে সেটি খতিয়ে দেখা হবে। যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সংশোধন করা হবে। এজন্যই একটি কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম নগর ও আশেপাশের এলাকায় ব্যাপক হারে পাহাড় কেটে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও রাস্তা করা হচ্ছে। যার ফলে পাহাড় ধ্বসের মতো ঝুঁকি তৈরি হচ্ছে। পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়ে মন্ত্রী মলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পাহাড় রক্ষার ওপর জোর নজর দিতে হবে।

মতবিনিময় সভায় মন্ত্রী উপস্থিত সেবা সংস্থার প্রতিনিধিদের কথা শুনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।  

বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসানের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ