চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ লাগা আগুন ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় (বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে) কাস্টম অকশন শেডে লাগা এই আগুন নিয়ন্ত্রনে শুরুতে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলও যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র নাসির বলেন, ‘সম্মিলিত চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
অকশন শেডটি কাস্টমসের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বন্দরে আসা যেসব পণ্য নিলামের জন্য নির্ধারিত হয়, সেগুলো এই শেডে রাখা হয়।














