২৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম বন্দরে কোকেন চোরাচালান মামলায় বিচার শুরু

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম বন্দরে কোকেনের চালান জব্দের ঘটনায় চোরাচালান আইনে দায়ের হওয়া মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। এসময় কারাগারে থাকা ও জামিনে থাকা পাঁচজন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আগামী ৩ মার্চ সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ আদেশ দেন।

মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কোকেন জব্দের ঘটনায় চোরাচালান আইনে দায়ের করা মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। আসামি পক্ষের আইনজীবী আদালতে হাজির পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আদালত আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করেন। আজ আদালতে পাঁচজন আসামি উপস্থিত ছিলেন, বাকি পাঁচজন পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ ডি ধারায় অভিযোগ গঠন করা হয়।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের একটি চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় নগরীর বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়।

আরও পড়ুন