২৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম শহরে থাকবে না ঝুলন্ত তার: রিহ্যাব ফেয়ার উদ্বোধনে প্রতিমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন»

 চট্টগ্রাম শহরের ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে লাইন নেওয়ার প্রকল্প সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের রেডিসন ব্লু’র মোহনা হলে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শহরের সবধরনের সংযোগ লাইন মাটির নিচে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে সরকার কাজ করছে। ভবিষ্যতে শহরে যত্রতত্র ঝুলন্ত তার দেখা যাবে না। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাসহ দেশের সব বড় শহরে এ কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুজিবর্ষে দেশের সব এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আসছে বলেও জানান তিনি।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে নগরের হোটেল রেডিসন ব্লু’তে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১ এ বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে। 

আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ কয়েকটি লিংকেজ প্রতিষ্ঠানকে ফেয়ারে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। এই ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে ৪টি প্রতিষ্ঠান, কো-স্পন্সর হিসেবে ১৫টি, ৬টি আর্থিক প্রতিষ্ঠান এবং ৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠানসহ মোট ৪৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ফেয়ার চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর সামশুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, চট্টগ্রাম রিজিওনের সভাপতি আব্দুল কয়্যুম চৌধুরী।

আরও পড়ুন» শুরু হচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২১

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন