চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদ নিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযানে এসব ইয়াবা ও মদসহ তাদের আটক করা হয়।
আটক ছয়জন হলো—জাহেদ হোসেনকে (৩৮), মো. রাসেল(৩৫), মোহাম্মদ আলী (৩৫), অংসাই থুই(২২), মোহাম্মদ ওসমান গণি ও মোহাম্মদ আলী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে চন্দনাইশ থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ জোয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাদামতল বাজারের পশ্চিম পার্শ্বে কুলাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ উত্তর জোয়ারা, নগর পাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে জাহেদ হোসেনকে (৩৮) আটক করে।
অন্যদিকে কাঞ্চনাবাদ ইউনিয়নের পল্লান পাড়া এলাকার আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ আছহাব মিয়ার ছেলে মো. রাসেল(৩৫), মোহাম্মদ তাহেরর ছেলে মোহাম্মদ আলী (৩৫), রাঙ্গুনিয়া উপজেলার বড় ছনখোলা এলাকার মংশিলা’র ছেলে অংসাই থুইকে (২২) আটক করে।
এছাড়া চন্দনাইশ থানা পুলিশ গত ২৭ ও ২৮ জানুয়ারি বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিআর সাজা ও সিআর পরোয়ানাভুক্ত হাশিমপুর এলাকার মৃত হোছেন আলীর ছেলে অধ্যাপক মোহাম্মদ আলী, কেশুয়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ ওসমান গণিকে আটক করে।
বিভিন্ন মামলায় ৬ আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি জানান, আটক আসামিদের আদালতে চালান দেয়া হয়েছে।












