চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় অবস্থিত হাজারী টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে হাজারী টাওয়ারের গোডাউন, রেস্টুরেন্টসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মেজবান বাড়ি রেস্টুরেন্টের রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। ভোরের কোন এক সময়ে রেস্টুরেন্টটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে হাজারী টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরের একটি গোডাউন, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, পাশ্ববর্তী মুদির দোকান, বইয়ের বাজার ও একটি পানের দোকান পুড়ে গেছে।
এ ব্যাপারে চন্দনাইশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অতীশ চাকমা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। আমাদের দুই জন কর্মী আহত হয়েছেন। সকাল সাড়ে ৯ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।












