৩১ মার্চ ২০২৬

চবি শিক্ষক বাসের দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাসের দুর্ঘটনার কারণ উদঘাটন এবং ক্ষতিগ্রস্থ বাসের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তদন্তপূর্বক সুপারিশসহ একটি প্রতিবেদন পেশ করার জন্য চবি মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. খালেদ মিসবাহুজ্জামানকে আহবায়ক, সহকারী প্রক্টর মুহম্মদ ইয়াকুবকে সদস্য এবং রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. গিয়াস উদ্দিনকে সদস্য-সচিব করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।

গতকাল(বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাস থেকে শহরগামী বাসটি নগরীর অক্সিজেন-হাটহাজারী সড়কের বড় দিঘির পাড় এলাকা অতিক্রম করে একটি মোটরবাইক বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আটজন শিক্ষক এবং বাস চালক ও হেলপার আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের সহযোগিতায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনা কবলিত হবার পর এ খবরটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছলে চবি উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার চবি প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে নিয়ে আহত শিক্ষকদের বিস্তারিত খোঁজখবর নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর বিভিন্ন ক্লিনিকে যান এবং চিকিৎসাধীরন শিক্ষকদের খোঁজখবর নেন।

এ ঘটনায় তিনি আহত শিক্ষকদের প্রতি সমবেদনা এবং তাঁদের আশু আরোগ্য কামনা করেন চবি উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) এবং এ দুর্ঘটনায় আহত শিক্ষকদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করার ঘোষণা দেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন