বাংলাধারা প্রতিবেদন »
নভেল করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে নতুন করে আজ বুধবার ভোর থেকে চলাচলে কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। বন্দর নগরী চট্টগ্র্রামসহ দেশের জেলা শহর ও গুরুত্বপূর্ণ সব সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ ছাড়া রয়েছে পুলিশের ভ্রাম্যমাণ টহল। সন্দেহজনক যানবাহনে চলছে তল্লাশি।
বুধবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর নয়াবাজার, বড়পোল, আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, জিইসি ও অলংকার এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার সড়কে শুধু পণ্যবাহী কিছু যানবাহন চলছে। নেই কোনো গণপরিবহণ। রাস্তায় মানুষজনও একেবারে সীমিত।
এর আগে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রথম বিধিনিষেধ দেওয়া হয়। পরে আরও দুদিন বাড়িয়ে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত চলমান করা হয়।
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প-কারখানা।
শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যপরিবহন চলবে। দুরপাল্লার বাসসহ বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহণ। প্রথমে আর্থিক প্রতিষ্ঠানসহ ব্যাংক বন্ধের কথা বলা হলেও গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক জানায়, সীমিত আকারে বেলা ১টা পর্যন্ত চালু থাকবে ব্যাংক লেনদেন।
বাংলাধারা/এফএস/এআর












