বাংলাধারা প্রতিবেদন »
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়েছে। আজ সকাল থেকেই স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। প্রায় ২০ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে দেখা যাচ্ছে আনন্দ-উচ্ছ্বাস।
শনিবার(১৯ জুন) সকালে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু দলীয় পতাকা উত্তোলন করে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করেন। স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রামের আহবায়ক এড. এ এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করছেন সাদেক হোসেন পাপ্পু ও আনোয়ার বাপ্পী।
সম্মেলনে উপস্থিত আছেন—ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডা হাসান মাহমুদ এমপি, ওয়াশিকা আয়শা খান এমপি, চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

এবার কমিটিতে স্থান পাওয়ার জন্য প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী তথা তার বড় ছেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী কমপক্ষে ১০ জন আলোচনায় আছেন।
নওফেল অনুসারীদের মধ্যে আলোচনায় থাকা নেতারা হলেন—কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আজিজুর রহমান আজিজ, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল কবির, দেবাশীষ নাথ দেবু, মো. জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি।

আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা হলেন—হেলাল উদ্দিন, সুজিত দাশ এবং আব্দুর রশিদ লোকমান। এর মধ্যে হেলাল উদ্দিন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর ছোট ভাই।
এর বাইরেও আলোচনায় আছেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিনের অনুজ অ্যাডভোকেট তসলিম উদ্দিন, আজাদ খান অভি ও শাহেদ আলী রানা।
বাংলাধারা/এফএস/এআর












