১৫ মার্চ ২০২৬

চসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন ডা. শাহাদাত

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা শেষে এ ঘোষণা করা হয়।

বিএনপির হয়ে নির্বাচনে লড়তে ডা. শাহাদাত হোসেন ছাড়াও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নেয়াজ মোহাম্মদ খান, সৈয়দ আজম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ ও নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ডা. লুসি খান দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। সৈয়দ আজম উদ্দিন ছাড়া বাকীরা সবাই কেন্দ্রীয় দপ্তরে তা জমা দেন।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সাথে মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। জানা গেছে, ডা. শাহাদাতকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে নগর বিএনপির সবাই একযোগে প্রচেষ্টা চালায়। দলের মনোনয়ন পেয়ে তিনি বলেন, ‘দল আমার উপর আস্থা রেখেছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয়ের জন্য কাজ করবো।’

এর আগে রোববার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে ৪১টি ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে নগর বিএনপি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ