বাংলাধারা প্রতিবেদন »
চাঁদপুরের ৫ নম্বর হাইমচর এলাকায় জেলেদের চাল পাচারকালে ১৫ বস্তা চালসহ ট্রলার মালিক আটক হন স্থানীয় জনতার কাছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে এই চাল পাচার করা হচ্ছিলো বলে জানা যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ৫ নম্বর হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত সরকার কর্তৃক সরকারি সিল লাগানে ১৫ বস্তা চাল হাইমচর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ট্রলার যোগে পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ৫ নম্বর হাইমচর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত সরকার ট্রলারে করে চাল পাচার করছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে ঘটনাস্থলে এসে জনতা কর্তৃক আটককৃত ১৫ বস্তা চাল উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মাঝিকে আটক করে নিয়ে এসেছি।
আটক নৌকার মাঝি কিতাব আলি জানান, হাইমচর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত সরকার ইউপি সদস্যদের বাড়িতে চাল প্রেরণের জন্য ১৫ বস্তা চাল ট্রলারে উঠিয়ে দিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, এর আগেও কয়েকবার এভাবেই সরকারি চাল পাচার করেছেন। এ বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মাঝে কানাঘুষা শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলেদের চাল পাচারের সময় হাতেনাতে আটক করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানান, জনতার হাতে আটককৃত চালের সংবাদ পেয়ে আটককৃত চাল উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। চাল পাচারকারীদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাধারা/এফএস/এআর












