বাংলাধারা ডেস্ক »
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদি জামে মসজিদ লাগোয়াে ইমামের বিশ্রামঘর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে- রিফাত (১০), আব্দুল্লাহ আল নোমান (৫) ও ইব্রাহিম (৯)।
মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা সেখানেই থাকতো। এদের মধ্যে ওই মসজিদের ইমামের ছেলে রিফাতও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আব্দুল্লাহ আল নোমানকে নিয়ে মসজিদ সংলগ্ন রুমে থাকতেন ইমাম মাওলানা জামাল উদ্দিন। তার বাড়ি বরগুনায়। শুক্রবার বেলা ১২টার দিকে ছেলে নোমানকে কক্ষে রেখেই মসজিদে জুমার নামাজ পড়াতে যান জামাল উদ্দিন। যাওয়ার সময় দুই কিশোর ইব্রাহিম ও রিফাত হোসেনকে রুমে ঢুকতে দেখেন। ইব্রাহিম ও রিফাত পার্শ্ববর্তী মতলব দক্ষিণের ভাঙ্গারপাড় মাদ্রাসায় পড়ে।
নামাজ শেষে ইমাম তার কক্ষটি ভেতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সেটি ভেঙে ইমামসহ উপস্থিত মুসল্লিরা দেখেন রুমের মধ্যে তিন শিশু-কিশোর অচেতন অবস্থায় পড়ে আছে। এদের দুজন মৃত। আর একজনকে মতলব হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর তিনজনের মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাধারা/এফএস/এমআর












