বাংলাধারা প্রতিবেদন
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে নাশকতার মামলাও রিমান্ডে পায়নি পুলিশ। তবে একই মামলায় বাকি দুই আসামীকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এছাড়া, এর আগে গত ৩১ মার্চ চকবাজার থানায় হওয়া চাঁদাবাজি মামলায়ও পুলিশ তাকে রিমান্ডে পায়নি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টায় চট্টগ্রামের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ভার্চুয়াল আদালতে এ আদেশ দেন।
বৃহস্পতিবার সকালে ডা. শাহাদাতসহ মামলায় গ্রেপ্তার মো. বেলাল উদ্দিন (২০) ও ইমাম হোসেন আবিরের (২৮) সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড শুনানিতে ভার্চুয়াল আদালতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে অংশ নেন ডা. শাহাদাত ও অন্যরা।
গত ২৯ মার্চ দুপুর তিনটা থেকে মোদিবিরোধী বিক্ষোভে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা পালন করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল বিএনপি। এসময় ককটেলবাজি, অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের ওপরও হামলার অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের হামলা থেকে বাদ যায়নি পুলিশ বক্স, পুলিশের নিরাপত্তার কাজে ব্যবহৃত ঢাল ও স্বয়ং পুলিশ সদস্যরাও। হামলার পর নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাধারা/এফএস/এআই












