৩০ মার্চ ২০২৬

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারি বাণিজ্যের অভিযোগ

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীর (সিভিল) বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দসই ঠিকাদার দিয়ে কাজ সম্পন্ন করার অভিযোগ তুলেছেন স্থানীয় ঠিকাদাররা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) অভিযোগকারীরা দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্র থেকে জানা যায়, চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিভিল) সু বক্তগীন মোটা অংকের টাকার বিনিময়ে তার পছন্দসই ঠিকাদার- নওফেল, মাহমুদ, অনিমেষ বড়ুয়া, সাইফুল, হাজী মোতালেব, নয়ন, মজিবুল হক ঠিকাদারকে দিয়ে কাজ সম্পন্ন করে পরবর্তীতে দরপত্র আহবান করেন।

অভিযোগকারীরা বলেন, প্রধান প্রকৌশলী তার অধস্থন কর্মকর্তাদের ভয়ভীতি ও চাপ প্রয়োগের মাধ্যমে জরুরিভিত্তিতে তার পছন্দসই ঠিকাদার দ্বারা কাজ সম্পাদন করেছেন। ফলে আমরা তালিকাভুক্ত ঠিকাদার হয়েও আমাদের ন্যায্য পাওনা দরপত্রে অংশগ্রহণ করতে পারি না।

অভিযোগকারীরা আরো বলেন, এই অবৈধ কাজে প্রকৃতমূল্য থেকে অধিকমূল্য দেখিয়ে সরকারী অর্থ প্রধান প্রকৌশলী ও তার পছন্দের ঠিকাদাররা ভাগ বাটোয়ারা করেছেন।

এদিকে অভিযোগকারীদের হুমকি দিয়ে চট্টগ্রাম রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী নিজেকে আওয়ামী পরিবারের একজন সদস্য এবং তার কথামত কাজ চলবে বলে দাবি করেন।

তিনি ওটিএম টেন্ডারের পরিবর্তে ক্ষমতাবলে এলটিএম টেন্ডার নামে গোপন টেন্ডার দ্বারা এ কাজ করতে আগ্রহী বলে জানান অভিযুক্তরা।

অভিযোগকারীদের দাবি, এ ধরণের অন্যায় সরকারী রাজস্ব আদায়ের জন্য ক্ষতিকর এবং আমাদের পেটে লাথি মারার মত। তার এমন অপকর্মে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

অভিযোগটি অস্বীকার করে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিভিল) সু বক্তগীন বাংলাধারাকে জানান, আমি বদলি হয়ে এখানে পাঁচ মাস আগে এসেছি। এখানে শত শত ঠিকাদার কাজ করেন। সকলকে সঠিক পন্থায় যাচাই-বাছাই করে যোগ্য ঠিকাদারদের কাজ দিয়েছি। এখানে স্বজনপ্রীতি করার কোন সুযোগ নেই।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীর অধীনে বিভিন্ন দপ্তরের কার্যক্রম দরপত্র আহবানের মাধ্যমে উপযুক্ত দরপত্র দাতার মাধ্যমে সম্পন্ন করার নিয়ম রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন