১৪ মার্চ ২০২৬

চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চান্দগাঁও থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৭)।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো চট্টগ্রামের মোঃ সেকান্তরের ছেলে মোঃ ছালাউদ্দিন (২৮), আঃ রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (২০), নীল মিয়ার ছেলে মোঃ হাসান (২০) ও আঃ জলিলের ছেলে মোঃ মহিউদ্দিন (২৫)।

মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাশকুর রহমান।

তিনি বলেন, একটি ছিনতাইকারী চক্র আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেটে কেনা-কাটা করতে আসা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে।

এসব ছিনতাইকারীদের গ্রেফতারের লক্ষ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে আমরা বিশেষ অভিযান শুরু করি।

তিনি আরও বলেনে, আমরা সংবাদ পাই কিছু ছিনতাইকারী নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তার পুল ইলিয়াস ব্রাদার্স মাঠ সংলগ্ন শাহ আমানত সেতু সংযোগ সড়কে অবস্থান করছে ছিনতাইয়ের উদ্দেশে।

এসময় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করি। আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ৩ টি ছোরা, ০১ টি এন্টিকাটার এবং ০১ টি ব্লেড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ