৩১ মার্চ ২০২৬

ছাদে উঠতে না দেয়ায় শাটল আটকে দিল চবি শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে বিভিন্ন সময় বাহির থেকে ছোড়া পাথরের আঘাতে, ছাদ থেকে পড়ে কিংবা পাদানিতে বসার কারণে আহত হওয়ার ঘটনা ঘটে।

এ নিয়ে বৃহঃস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চবি প্রক্টরিয়াল বডি ট্রেনের দরজা ও ছাদ থেকে শিক্ষার্থীদের নামিয়ে দিলে ক্যাম্পাস থেকে শহরগামী দুপুর দেড়টার ট্রেনটি ছাড়ার পূর্বমূহুর্তে আটকে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ট্রেনে পর্যাপ্ত আসন না থাকায় বাধ্য হয়ে ট্রেনের দরজায় ও ছাদে বসে যেতে হয়। কারন, অধিকাংশ সময় ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গাটুকুও পর্যন্ত থাকে না। তাই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

এ বিষয়ে চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই তাদেরকে ছাদ থেকে নামতে বলি। পরে শিক্ষার্থীরা ট্রেন আটকে দেয়। তাই আমরা বলেছি কোনো দূর্ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায়ভার নিবে না।

তিনি আরও বলেন, শাটল ট্রেনে আসন সংকটের বিষয়টি আমরা অবগত আছি। রেলওয়ে কর্তৃপক্ষ একটা বগি কম দিচ্ছে। তাছাড়া মাঝেমধ্যে একটি মালবগিও দেখা যায়। কাজেই আমরা খুব দ্রুত তাদের সাথে বসবো এবং বগি বাড়ানোর বিষয়ে কথা বলবো।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন