বাংলাধারা প্রতিবেদন »
‘ছেলেধরা বা গলাকাটা’ এ জাতীয় গুজব ঠেকাতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) ২৪ ঘণ্টার ‘নিয়ন্ত্রণ কক্ষ’ চালু করার পাশাপাশি মাইকিং করছে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, ‘ছেলে ধরা’ একটি গুজব। এর কোন ভিত্তি নেই। পদ্মা সেতু আমাদের জাতির দীর্ঘ দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। যারা পদ্মা সেতুর মতো এমন একটি সুন্দর বিষয় কে অসুন্দর করার অপপ্রয়াসে এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করুন এবং পুলিশের হাতে তুলে দিন। ‘ছেলে ধরা’ গুজবে কান দিয়ে কাউকে আহত করা, কাউকে প্রহার করা বা কাউকে শাস্তি দেয়া চরম অন্যায় এবং গর্হিত অপরাধ। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এ ধরনের কোন তথ্য থাকলে দয়া করে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
তিনি আরও বলেন, পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা নেওয়ার পাশাপাশি সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে ০১৭৬৯-৬৯১১৬২ ও ০৩১-৬৩০৩৭৫ নম্বরে ফোন করার অনুরোধ করা যাচ্ছে।’
এদিকে, কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচারনা। এতে বলা হচ্ছে , সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহে একশ্রেণির উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গণধোলাই দিচ্ছে। এ সকল পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে তৎক্ষনাৎ থানায় যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়।
আরো বলা হয়, গুজব দ্বারা প্রভাবিত হয়ে গণপিটুনি দেয়া একটি ফৌজদারী অপরাধ। জরুরি প্রয়োজনে জনসাধারণ ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা নিতে পারবেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












