২০ মার্চ ২০২৬

জন্মদিনে রুনা লায়লার উপহার

বিনোদন ডেস্ক »

টানা পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতের মায়াজালে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন রুনা লায়লা। মঙ্গলবার এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকার ৬৮তম জন্মদিন। এ উপলক্ষে ভক্তদের দিলেন বিশেষ উপহার।

বিশেষ এই উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন তথা ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গান-ভিডিও ‘এই দেখা শেষ দেখা’। গাজী মাজহারুল আনোয়ারের কথায় সুর করেছেন রুনা লায়লা। সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। আর কণ্ঠ দিয়েছেন হালের মেধাবী গায়িকা জিনিয়া জাফরিন লুইপা।

গত কয়েক বছরে রুনার সুরে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। কণ্ঠ দিয়েছেন ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা।

এবারের জন্মদিনকে ঘিরে ডিএমএসের আয়োজনে রুনার সুরে মোট চারটি গান প্রকাশ হচ্ছে। লুইপা ছাড়াও কণ্ঠ দিয়েছেন রুনার দুই মেয়ে আঁখি আলমগীর ও তানি লায়লা। আছেন হৈমন্তী রক্ষিতও।

গাজী মাজহারুল আনোয়ার ছাড়াও কথা লিখেছেন কবির বকুল। সব কটি গানের সংগীতায়োজনে আছেন রাজা কাশেফ।

রুনা লায়লা জানান, এবারের জন্মদিনে বড় কোনো আয়োজন থাকছেন না। করোনার আবহে বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন।

জন্মদিনের প্রথম প্রহর থেকে উপমহাদেশের অন্যতম এই গায়িকা শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীরা প্রিয় গায়িকার জন্য লিখেছেন দারুণ সব বার্তা।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন