৭ মার্চ ২০২৬

জন্ম মাসেই সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন ‘আজাদী’ সম্পাদক এম এ মালেক

বাংলাধারা প্রতিবেদন »

সাংবাদিক শ্রেণিতে এবার চট্টগ্রাম বিভাগের সেরা করদাতা হচ্ছেন দৈনিক আজাদী’র সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক। সংক্ষেপে এম এ মালেক নামে পরিচিত তিনি।

গত অর্থবছরে আয়কর বিবরণী জমার ওপর ভিত্তি করে সারাদেশে সাংবাদিক শ্রেণিতে এম এ মালেক দ্বিতীয় সেরা করদাতা হিসাবে স্থান পায়।

এ বছর সম্মাননা পাওয়া সাংবাদিক শ্রেণির তালিকায় পাঁচজন বিশিষ্ট সাংবাদিক আছেন। তাঁদের মধ্যে শীর্ষ করদাতা মাহ্ফুজ আনাম। দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক। তৃতীয় সর্বোচ্চ করদাতা প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।

জানা গেছে, চট্টগ্রামের বহুল প্রচারিত ও স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক কাগজের নাম আজাদী। প্রতিনিয়ত প্রতিকুলতার সঙ্গে সংগ্রাম করে আজাদীকে সফলতার পথে নিয়ে যাবার জন্য যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন এম এ মালেক। ইতিহাসের সাক্ষী সফল আজাদীর সফল কারিগর তিনি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রকাশের পর থেকে টানা ৪০ বছর ধরে লোকসান দিয়েছে দৈনিক আজাদী। এরপরও পত্রিকা প্রকাশনা থেকে সরে আসেননি এম এ মালেক। লোকসান দেয়ার পরও পত্রিকা বন্ধ করিনি তিনি। অনেক সময় বাড়ি-জমি ব্যাংকে বন্ধক রেখে, ঋণ নিয়ে পত্রিকার প্রকাশনা অব্যাহত রেখেছেন। নানা সংকট সত্ত্বেও প্রতিমাসের সাত তারিখ সংবাদকর্মী ও কর্মচারীদের বেতন পরিশোধ করে আসছেন। তবে গত দেড় যুগ ধরে লাভ করছে দৈনিক আজাদী।’

আজ সেই লাভের সূত্রধরে এম এ মালেক দেশের দ্বিতীয় সেরা করদাতা হিসাবে স্থান পায় জাতীয় রাজস্ব বোর্ডে। আগামী ১৪ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে কর কার্ড তুলে দেওয়া হবে। আর এই সম্মাননার মাসেই আগামী ২৯ নভেম্বর গণমাধ্যম ব্যক্তিত্ব চিরসবুজ এম এ মালেকের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে কোন আনুষ্ঠানিকতায় বিশ্বাসী নন তিনি।

জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী গত মঙ্গলবার সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এই প্রজ্ঞাপনে উঠে এসেছে সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্সকার্ড দেবে এনবিআর।

কোম্পানিগুলোকে ট্যাক্সকার্ড দেওয়া হবে ১৪টি ক্যাটাগরিতে। এগুলো হচ্ছে ব্যাংকিং, অব্যাংকিং আর্থিক, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য।

এবার সব মিলিয়ে বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৬ জন করদাতাকে কর কার্ড দিচ্ছে এনবিআর। এর পাশাপাশি ৬৭টি প্রতিষ্ঠানও এ সম্মাননা পাচ্ছে। গত অর্থবছরে আয়কর বিবরণী জমার ওপর ভিত্তি করে মূল্যায়ন করেছে এনবিআর।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন