বিনোদন ডেস্ক»
বাংলাদেশ ব্যান্ড সংগীততের জনপ্রিয় একটি নাম শাফিন আহমেদ। নন্দিত ব্যান্ড ‘মাইলস’র ভোকালিস্ট হিসেবে মাতিয়েছেন বহু ভক্তের হৃদয়। তবে সংগীতচর্চার পাশাপাশি শাফিন একজন সক্রিয় রাজনীতিবিদও। দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত আছেন জাতীয় পার্টির রাজনীতিতে।
এবার সেই জাতীয় পার্টির হয়ে ভক্তদের মাঝে নতুন পরিচয়ে হাজির হয়েছেন এই শিল্পী। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তাকে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ।
রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সংগীতশিল্পী শাফিন আহমেদকে (ঢাকা) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তাদেরকে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন শাফিন আহমেদ। যদিও এরপর তাকে দলটির কার্মকান্ডে আর সক্রিয় দেখা যায়নি।
প্রসঙ্গত, শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ড এর একজন সদস্য। শাফিন আহমেদ বর্তমানে মাইলস এর বেজ গিটারিস্ট এবং গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।
তার জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।
বাংলাধারা/এফএস/এফএস












