১৯ মার্চ ২০২৬

জানুয়ারিতে এইচএসসির ফল,ফেব্রুয়ারিতে খুলবে স্কুল-কলেজ

বাংলাধারা প্রতিবেদন »

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল তৈরি করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির কাজ সম্পন্ন হলেই ফলাফল প্রকাশ করা হবে। আশা করছি, জানুয়ারির মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।’

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা অনলাইনে যুক্ত ছিলেন।

অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল অধ্যাদেশ জারি করে প্রকাশ করা হবে। যেহেতু বিশেষ ব্যবস্থায় বিকল্প পদ্ধতিতে এ ফল প্রকাশ করা হচ্ছে সে কারণে আইন অনুযায়ী একটি অধ্যাদেশ জারি করতে হবে।’

করোনা মহামারির কারণে এ বছরের নয় মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারিতে স্কুল-কলেজ খোলার প্রস্তুতির কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল- এই সময়কালে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেবো, সেই চেষ্টা করছি। পরিস্থিতি যদি অনুকূলে থাকে ২০২১ সালের জুন নাগদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করবো। দশম ও দ্বাদশ শ্রেণি যেন নতুন সিলেবাসে শ্রেণিকক্ষে ক্লাস করে পরীক্ষা দিতে পারে।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তো ক্লাসরুমে নিয়ে ক্লাস করানো হবে। কাস্টমাইজ সিলেবাস ৩১ জানুয়ারির মধ্যে জানিয়ে দিতে পারবো। জুলাই-আগস্ট নাগাদ এই পরীক্ষা নেওয়ার আশা প্রকাশ করছি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর শিক্ষার্থীদের সুরক্ষায় ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। দফায় দফায় বাড়ানো হয় এই ছুটি। সবশেষ আরেক দফা বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

বাংলাধারা/ এফএস/এআর

আরও পড়ুন